২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘অপহৃত’ ছাত্রী উদ্ধার

সকালে হলের সামনে অজ্ঞাত কিছু লোক জোর করে মাইক্রোবাসে ওই শিক্ষার্থীকে তুলে নিয়েছিল বলে প্রক্টর জানান। দুপুরে উত্তরায় তাকে উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোকেয়া হলের সামনে থেকে ‘অপহৃত’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ঢাকার উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে। ফাতেমা-তুজ জোহরা নামে শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে রোববার সকাল ৯টার দিকে হলের সামনে থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। বগুড়ার শেরপুর এলাকার বাসিন্দা ফাতেমা শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী। অপহরণের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ওই ছাত্রীকে দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম। ওই শিক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছে বলে ওসি জানান। প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের সামনে অজ্ঞাত কিছু লোক জোর করে মাইক্রোবাসে মেয়েটিকে তুলে নিয়ে যায়।” ওই ছাত্রী ডিভোর্সি বলে জানান প্রক্টর। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ওই শিক্ষার্থীর সাবেক স্বামী আশরাফকে পুলিশ খুঁজছে বলে জানান ওসি। আশরাফের বাড়িও বগুড়ার শেরপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.