চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে লক্ষ্য নিয়ে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের সে কাঙ্ক্ষিত মুক্তি এখনো আসেনি।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের ভূমিকা’ শীর্ষক আবুদল্লাহ আল হারুণ চৌধুরী ও মাওলানা আহমেদুর রহমান আজমী স্মারক বক্তৃতায় বক্তারা এ কথা বলেন।
বক্তৃতায় একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করা হয়।
সংগঠনটির ষাট বছর পূর্ণ হওয়া উপলক্ষে ‘ছাত্র ইউনিয়নের ষাট বছর পূর্তি উদযাপন কমিটি, চট্টগ্রাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে স্মারক বক্তৃতা দেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অধ্যাপক কানাই লাল দাশ।
ষাট বছর পূর্তি উদযাপন কমিটির কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, চবি’র বাণিজ্য বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, সাবেক ছাত্রনেতা আবু তাহের মাসুদ, মৃদুল চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম শুভ প্রমুখ।
সভায় বক্তারা প্রকৃত মুক্তির লক্ষ্যে সমাজ প্রগতির সংগ্রামকে বেগবান করার আহবান জানান।
ছাত্র ইউনিয়নের ষাট বছর পূর্তি উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেও বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০৫৮ ঘ.
bdnews24