ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষের কারণে বন্ধ থাকা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে সোমবার থেকে আবার ক্লাস শুরু হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এম আজহার।
তিনি জানান, ২৭ তারিখ থেকে ক্লাশ শুরু হলেও ছাত্রদের ছাত্রাবাস ৩ মার্চ খুলে দেওয়া হবে। তবে ছাত্রী হোস্টেল ২৭ তারিখ খুলে দেওয়া হবে।
অধ্যক্ষ বলেন, “কলেজে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে সিদ্ধান্ত হয় অ্যাকাডেমিক কাউন্সিলে। অর্থাৎ কলেজ ও ছাত্রাবাস খুলে দেওয়া হলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না ছাত্ররা।”
গত ১০ ফেব্র“য়ারি রাতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাত ছাত্র আহত হয়।
পর দিন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ওই দিনই ছাত্রছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ছাত্রাবাসে মারামারির কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ১৫ কর্মীকে বহিষ্কারও করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/০০৫৯ ঘ.
bdnews24