চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে প্রশাসনকে ‘সহযোগিতার’ আশ্বাস দিয়েছে ছাত্রলীগ।
বুধবার দুপুরে চবি ক্যাম্পাস শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ‘লিয়াজোঁ কমিটি’কে এ আশ্বাস দেয়।
চবি ছাত্র উপদেষ্টা ও লিয়াজোঁ কমিটির প্রধান খান অধ্যাপক ড. তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।”
“কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে ছাত্রলীগের কাছে সহযোগিতা চেয়েছি। ছাত্রলীগ আমাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।”
এছাড়া, ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া কমিটির কাছে পেশ করেছে জানিয়ে তিনি বলেন, তাদের (ছাত্রলীগের) যৌক্তিক দাবিগুলো আমরা দেখার চেষ্টা করব বলে জানিয়েছি।
খান তৌহিদ ওসমান জানান, ছাত্রশিবির ও ছাত্রফ্রন্টের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠকে বসবে প্রশাসন।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিয়াজোঁ কমিটিকে বলেছি ৮ ফেব্র“য়ারির ঘটনা শিবির পরিকল্পিতভাবে ঘটিয়েছে। কমিটির কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যেমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছি।”
লিয়াজোঁ কমিটির কাছে ছাত্রলীগ ১০ দফা দাবি দিয়েছে বলে জানান তিনি।
এগুলো হলো- ছাত্রলীগের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, হলের ছাত্রশিবির ক্যাডারদের সিট বাতিল, সুষ্ঠু তদন্ত করে দুই হত্যার বিচার, পুলিশি নিরাপত্তা ও ক্যাম্পাসে মডেল থানা স্থাপন, ছাত্রলীগের আহত নেতাকর্মীদের ক্ষতিপূরণ, শিবির কর্তৃক ছাত্রলীগকে গুপ্তহত্যা হুমকিদাতাদের শাস্তি, ৮ ফেব্র“য়ারির ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা ও বেসরকারি কটেজে শিবিরের অবৈধ সাংগঠনিক কার্যকলাপ নিষিদ্ধ করা।
লিয়াজোঁ কমিটির বৈঠকে কমিটির প্রধান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, প্রীতিলতা হলের প্রভোস্ট ড. কামরুল হুদা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কেএম গোলাম মহিউদ্দিন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন প্রমুখ।
ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চবি শাখার সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক এমএ খালেদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল মনসুর সিকদার, যুগ্ম সম্পাদক সুমন মামুন প্রমুখ।
লিয়াজোঁ কমিটির প্রধান জানান, বৃহস্পতিবার চবি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
লিয়াজোঁ কমিটিকে ছাত্র সংঘর্ষসহ বিভিন্ন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সুপারিশ দেওয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৮৩১ ঘ.
bdnews24