চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে চুয়েট ক্যাম্পাসে মারধর করেছে ছাত্রলীগকর্মীরা।
বুধবার রাতে চবি পদার্থদ্যিা বিভাগের তৃতীয় বর্ষের মারুফুজ্জামান ও দ্বিতীয় বর্ষের শাহ আলম এবং গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের আজিজার রহমানকে মারধর করা হয়।
বুধবার ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই জন নিহত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বলা হয় হল ছাড়তে।
এরপর ওই তিন শিক্ষার্থী চুয়েটের একটি আবাসিক হলে এক শিবিরকর্মীর কক্ষে উঠলে তারা মারধরের শিকার হন বলে ওই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ড. কুদরাত ই খুদা হলের ২৬৮ নম্বর কক্ষ চুয়েট ছাত্রশিবির কর্মী মোজাহিদুল ইসলামের আবাসিক কক্ষ। তার কক্ষেই চবির তিন শিক্ষার্থী উঠেছিলেন বলে কাজী দেলোয়ার জানান।
তিনি বলেন, মারধরের শিকার তিন শিক্ষার্থীকে প্রশাসন রাতে উদ্ধার করে সকালে বিদায় দেয়।
এছাড়া ছাত্রলীগকর্মীরা চুয়েট (চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) নতুন হলের ২০৬ ও দক্ষিণ হলের ২২২ নম্বর কক্ষ ভাংচুরও করে বলেও কাজী দেলোয়ার জানান। এই সব কক্ষে ছাত্রশিবিরকর্মীরা থাকেন।
গত রাতের এই ঘটনার কারণে চুয়েটে বৃহস্পতিবার কোনো ক্লাস হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24