২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুল ইহসানের ২ বছরের এলএলবি কোর্স বন্ধের নির্দেশ

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদী এলএলবি কোর্স বন্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদী এলএলবি কোর্স বন্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রব এই আদেশ দেন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ওই কোর্সে সনদ পাওয়া খান এ সালামসহ ৫ শিক্ষার্থীর রিট আবেদনের নিষ্পত্তি করে আদালত এই রায় দেয়। আদালতে ওই পাঁচ শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে এ বি এম বায়েজীদ শুনানিতে অংশ নেন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন এম আই ফারুকী। তাকে সহায়তা করেন আইনজীবী নাজনীন নাহার। আদালত একইসঙ্গে রিট আবেদন করা শিক্ষার্থীদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে। নাজনীন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে দুই বছরের এলএলবি কোর্স চালুর জন্য দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দেয়নি। পরে তারা আবারও আবেদন করেও অনুমোদন পায়নি। কিন্তু এর মধ্যে তারা এই কোর্স চালু করে ফেলে। “গত বছর এই কোর্স থেকে উত্তীর্ণ হয়ে রিটকারীরা বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। তবে বিনা অনুমতিতে এই কোর্স চালু করা হয়েছে বলে ইউজিসি বার কাউন্সিলকে চিঠি দেয়। ফলে তাদের ফল প্রকাশ হয়নি।” ফল প্রকাশ না করার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর তারা হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করে। পর্যবেক্ষণে আদালত বলেছে, চ্যান্সেলরের মাধ্যমে এই শিক্ষার্থীদের সনদের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করতে ইউজিসি উদ্যোগ নিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৭৫৬ ঘ.