২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে ভুল প্রশ্নের জন্য নতুন পরীক্ষা নয়

এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি। সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বলেছেন, দায়িত্ব পালনে ব্যর্থ শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না। ওই পরীক্ষাই বহাল রাখা হবে।” ভুল প্রশ্নে পরীক্ষা হওয়া, কোনো কোনো কেন্দ্রে ওই প্রশ্নে পরীক্ষার্থীদের কম সময় পাওয়া ইত্যাদি বিষয়ে ফল প্রকাশের আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। “পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্থ হবে না। তাদের ঘাবড়ানোরও কিছু নেই।” বুধবার এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় হবিগঞ্জ, রংপুর ও বরগুনায় কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে হবিগঞ্জে এক ঘণ্টা পর সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও রংপুর ও বরগুনায় দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। তিন ধরনের প্রশ্নে পরীক্ষায় নেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয় মন্তব্য করে ফাহিমা বলেন, “২০১২ সালের নিয়মিত শিক্ষার্থী, সৃজনশীল পদ্ধতি প্রচলনের আগের শিক্ষার্থী এবং ২০০৯ সালে নিবন্ধন করা অনিয়মিত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। অনেক শিক্ষক বিষয়টি বুঝতে পারেননি।” তিনি বলেন, “স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও যেসব শিক্ষক ভুল করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২১২৬ ঘ.