ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে দেশের দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ধানমণ্ডি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র এবং ৬ লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী।
এসএসসিতে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩২ হাজার ৮১৮ জন ছাত্রী এবং ৫ লাখ ২০ হাজার ১১৫ জন ছাত্র। প্রথমবারের মতো এবার এসএসসিতে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৬৭ জন বেশি।
এছাড়া দাখিলে ২ লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থী রয়েছে।
এবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। শিক্ষা বোর্ডগুলোর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোর তথ্য আদান প্রদান হবে অনলাইনে। এবারো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার ২৬ হাজার ৮৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেদ্দা, রিয়াদ, আবুধাবী, দুবাই, দোহা-কাতার, বাহরাইন ও ত্রিপলী কেন্দ্রেও পরীক্ষা হচ্ছে। বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ২৭৪ জন।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবার ২০ মিনিট অতিরিক্ত সময় পাচ্ছে। এছাড়া দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্র“তি লেখককে সাহায্য নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০১১ ঘ.
bdnews24