তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২৭ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা দেয়ার পর অনির্দিষ্টকালের জন্য এই নির্বাচন স্থগিত করে প্রশাসন।
এরপর ছাত্রলীগ ও ‘সাধারণ শিক্ষার্থীদের’ মুখোমুখি অবস্থানের মধ্যে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ই বন্ধ হয়ে গেছে। এরপর খুললেও ভর্তিপরীক্ষা হওয়ার কথা রয়েছে।
অন্য ছাত্র সংগঠনগুলোর অভিযোগ করেছে, ছাত্রলীগকে ‘সুবিধা’ দিতেই প্রশাসন হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষণা করে আবার তাদের জন্যই তা স্থগিত করেছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু কাজ বাকি থাকার কারণে নির্বাচন স্থগিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গত ১৩ সেপ্টেম্বর সামনে ১৩ দিন সময় রেখে ২৭ সেপ্টেম্বর চুয়েট ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল।
নির্বাচনের সাত দিন আগে গত ২০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করে চুয়েট কর্র্তৃপক্ষ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চুয়েট শাখার সভাপতি হিমাদ্রী দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে যাতে শুধু ছাত্রলীগ অংশ নিতে পারে, সেজন্য পূর্ব প্রস্তুতি ছাড়া প্রশাসন তারিখ ঘোষণা করেছিল।
“সাধারণ শিক্ষার্থীরা যখন বাম ছাত্র সংগঠনগুলোর সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছিল, তখন ছাত্রলীগের পরাজয়ের ভয়ে প্রশাসন নির্বাচনকে স্থগিত করেছে।”
একই কথা বলেন চুয়েট সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক হাসান জাবেদও।
তবে এ দুই ছাত্র সংগঠনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেটের সভায় ছাত্র সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করতে না পারাসহ বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে নির্বাচন স্থগিত করা হয়েছে।”
চুয়েট ছাত্রলীগের সভাপতি মশিউল কবির মিশু বলেন, নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি তাদের ছিল। কিন্তু পরে উপাচার্য তাদের ডেকে নির্বাচন স্থগিতের কথা জানান।
ছাত্র ইউনিয়ন সভাপতি দাবি করেছেন, উপাচার্য ছাত্রলীগকে ডেকে সিদ্ধান্তের কথা জানালেও তাদের সঙ্গে কোনো আলোচনা করেননি।
“উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম ছাত্রলীগের প্রতি সবসময় আনুগত্য দেখিয়ে থাকেন,” বলেন হিমাদ্রী।
নির্বাচনের নতুন তারিখের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আশুতোষ সাহা বলেন, আগামী ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলার পর ভর্তি পরীক্ষা হবে এবং এর পর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১২১০ ঘ.
bdnews24