২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে প্রগতিশীল শিক্ষকদের নতুন সংগঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ‘স্বাধীন শিক্ষক নেটওয়ার্ক’ নামে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুন্ন রাখতে যেসব শিক্ষক মনে করেন তাদের নিজস্ব কর্তব্য রয়েছে তাদের একসঙ্গে কাজ করার একটি স্বাধীন নেটওয়ার্ক এই সংগঠন। এখানে কোনো পদ নেই, সাংগঠনিক কোনো কাঠামো নেই। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, আ-আল মামুন, কাজী মামুন হায়দার, সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষক হাবিব জাকারিয়া, শায়লা তাসনিম, শুসমিন আফসানা, ফোকলোর বিভাগের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সৈয়দ আলী রেজা অপু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের নেতৃত্বে ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’ রয়েছে। আর বিএনপিপন্থী শিক্ষকরা জাতীয়তাবাদী ‘শিক্ষক ফোরাম’ এর সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের ‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম’ নামে আরেকটি সংগঠন রয়েছে। সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকা-ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার ও ’৭৩ এর অধ্যাদেশ আমূল সংস্কার করে বিশ্ববিদ্যালয়কে আরও স্বাধীন এবং সরকার ও সামরিক হস্তক্ষেপ বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৯ ঘ.