খুলনা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সিন্ডিকেট সদস্যকে ক্যাম্পাসে প্রবেশের সময় ধাওয়া করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনায় বরখাস্তরা হলেন উপ-পরিচালক মো. আফজালুর রহমান এবং সহকারী নিবন্ধক মোহাম্মদ আলী ও আব্দুর রহমান।
এছাড়া এ কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক আব্দুল মান্নান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সুব্রত কুমার সাহা সকালে ক্যাম্পাসে প্রবেশের সময় কিছু লোক তাকে ধাওয়া দেয় বলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতেই কর্তৃপক্ষ তিন জনকে সাময়িক বরখাস্ত করে কারণ দার্শানোর নোটিশ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুব্রত সাহা ক্যাম্পাসে প্রবেশের সময় প্রধান ফটকে তার গাড়ি দেখে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ‘ধর ধর’ বলে চিৎকার করেন। এ সময় গাড়িটি থামালে তারা সুব্রতর সঙ্গে খারাপ ব্যবহার করেন। ফলে অধ্যাপক সুব্রত ক্যাম্পাসে প্রবেশ না করে ফিরে যেতে বাধ্য হন।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক দিলীপ কুমার দত্ত, অনির্বাণ মোস্তফাসহ শিক্ষক-কর্মকর্তাদের আরেকটি অংশ এসে তাকে নিয়ে ক্যাম্পাসে ঢোকেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গত জুলাই মাসে এক সিন্ডিকেট সভায় বিজ্ঞান, প্রকৌশল অনুষদের ডিন হারুনর রশিদ খানের সঙ্গে তার বাদানুবাদ হয়। এরপর শিক্ষকদের একটি অংশ তাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন।
তবে সিন্ডিকেট সদস্যকে বাধা বা ধাওয়া দেয়ার অভিযোগ অস্বীকার করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ আর এম
মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রধান ফটকে ব্যানার টাঙ্গাচ্ছিলেন। এ সময় শিক্ষক-কর্মকর্তাদের অনেককে একসঙ্গে দেখে সুব্রত নিজেই ভয় পেয়ে ফিরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24