এস এম রনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে গত ২৮ দিন ধরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কর্যক্রম বন্ধ রয়েছে।
ক্লাশ ও পরীক্ষা কবে শুরু হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের মধ্যে নেমে এসছে হতাশা। কেউ কেউ ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে বাড়িতে।
ফলে দীর্ঘ সেশন জটে পড়ার হুমকিতে পড়ছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষার্থী।
নিয়োগ নিয়ে নানা অপ্রীতিকর ঘটনার পর ক্যাম্পাসে আসছেন না উপাচার্য ও প্রশাসনের কর্তারা।
আগামী কয়েকদিনের মধ্যে ক্যম্পাস সচল হবে কিনা জানতে চাইলে নিশ্চিত কিছু বলতে পারেননি উপাচার্য এম আলাউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্ধারিত ছুটির আগেই ক্যাম্পাস বন্ধের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এবং জরুরি সিন্ডিকেট সভায় খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার জন্য গত ৭ ও ৮ সেপ্টেম্বর পুলিশ প্রহরায় ২২৭তম সিন্ডিকেট সভা হয়। এতে ৭০টি পদের বিপরীতে দুইটি বিভাগে চার জন শিক্ষক এবং ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অনুমোদন দেয়া হয়।
নিয়োগে একটি ছাত্র সংগঠনের নেতাদের দাবি উপেক্ষিত হওয়ায় ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি হয়। নিয়োগবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এর জেরে গত ৯ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গাড়িতে অগ্নিসংযোগ, শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, ভাংচুর, মিছিল, সমাবেশ, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
হামলায় আহত হন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সরওয়ার মুর্শেদ, কর্মচারী পিয়ারুল ইসলাম একরামুল ইসলাম, শাহীনা আক্তার ও পিকুলসহ বেশ কয়েকজন। এরপর থেকেই ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দ্রুত ক্যাম্পাস সচল করার দাবি জানিয়েছে ইবি শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, গ্রীণফোরাম, ছাত্র সংগঠন- ছাত্র শিবির, ছাত্রলীগ, ছাত্রদলসহ অন্যান্য সচেতন নাগরিক সমাজ।
বুধবার (৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষক সমিতি।
ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে আবাসিক শিক্ষার্থীরা
বেগম খালেদা জিয়া হলে আবাসিক শিক্ষার্থী নাঈমা সুলতানা বলেন, “দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে থাকার কোনো অর্থই হয় না।”
ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় আইন বিভাগের ২য় বর্ষের ছাত্রী সিমি ইফতেখার বলেন, “ক্যাম্পাস খোলার তো কোনো নিশ্চয়তা নেই। এভাবে আর কতদিন কাটাব। তাই চলে যাচ্ছি।”
লালন শাহ হলের শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের আক্তার হামিদ বলেন, “শুনেছি বিরাজমান পরিস্থিতিতে হল বন্ধ করে দেয়া হবে; তাই আগেই চলে যাচ্ছি।”
তবে হল বন্ধের ব্যাপারে জিয়া হলের প্রভোস্ট মো. সেলিম বলেন, হল বন্ধ হবে এটা গুজব। এখনো এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য শিক্ষার্থীরা তো বলি হতে পারে না। তাদেরকে দ্রুত ক্লাশ-পরীক্ষায় ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া উচিত।
ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান তুহিন বলেন, বর্তমান পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য দায়ী। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১৬ ঘ.
bdnews24