ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের দুটি অংশে উত্তেজনার প্রেক্ষিতে দুই দফায় প্রায় ২৫টি গাড়ি ভাংচুর করেছে নেতাকর্মীরা।
বুধবার রাতে পৌনে ৮টার দিকে ঢাকা কলেজের সামনের রাস্তায় ‘বিক্ষুদ্ধ’ ছাত্রলীগ কর্মীরা প্রায় ১৫টি গাড়ি ভাংচুর করে ক্যাম্পাসে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে রাস্তায় বেরিয়ে আবার ১০টির মতো গাড়ি ভাংচুর করে তারা।
এ ঘটনায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই অংশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউ মার্কেট থানার ওসি মোস্তফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি ভাংচুরকারী শিক্ষার্থীরা পুলিশ দেখে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সার্জেন্ট জানান, গাড়ি ভাংচুরের সময় শিক্ষার্থীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ঢাকা কলেজের ছাত্রলীগের এক কর্মী জানান, বুধবার কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার কথা ছিল, এ নিয়ে দুটি অংশের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে ছাত্রলীগের দুই অংশের নেতাকর্মীরা হলে অবস্থান নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআই/এসইউ/২১১৩ ঘ.
bdnews24