রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষ øাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলে আশ্বস্ত করেছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বৃহস্পতিবার সকাল থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে চার জন গুলিবিদ্ধ হওয়ার পর ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে তা কাটাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, ভর্তি পরীক্ষার সময়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
ভিসি ভর্তিচ্ছুদের অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিতে সন্তানদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন। সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এ সময় তিনি মঙ্গলবারের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক মুহাম্মদ নূরুল্ললাহ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রক্টর চৌধুরি মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক আনন্দ কুমার সাহা, জান্নাতুল ফেরদৌস শিল্পীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৯টি বিভাগের ৩ হাজার ৬১৫ আসনের বিপরীতে মোট দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে, যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24