ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষের ঘটনায় জড়িতদের ছবি দেখে সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ওই রাতেই একটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোতয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রক্টর ড. কামাল উদ্দিন বাদি হয়ে একটি মামলা করেছেন।
মামলায় কারো নাম উল্লেখ না করে বলা হয়, দেড় শতাধিক দুষ্কৃতিকারি দুই দলে বিভক্ত হয়ে হাঙ্গামা ও ভাংচুর চালায়।
সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ছবি দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে ওসি বলেন, “কয়েকজনকে সনাক্তও করা গেছে। তবে কাউকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
সোমবার রাতে রেস্টুরেন্টে বসাকে কেন্দ্র করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের সাত নেতাকর্মী আহত হয়। এ সময় দুই পক্ষের সমর্থকদের হাতে লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখা যায়।
প্রক্টর কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা এই সব ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/পিডি/২০৫২ ঘ.
bdnews24