সিলেট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন দিয়ে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শনিবার তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আইন যদি তা প্রতিহত করতে না পারে অপরাধের ধরন বুঝে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সিলেট এমসি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন ও চার কোটি টাকা ব্যায়ে নতুন একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্র শিক্ষক সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, “কেউ যেন দেশ, জাতি ও মুক্তিযুদ্ধবিরোধী কোনো কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানে না চলতে পারে এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।”
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকারে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও কাউন্সিলর আজাদুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরএম/পিডি/০০৫৭ ঘ.
bdnews24