২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি’র ঘটনায় শিবিরের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত ও দুপুরে সিলেট নগরীর বিভিন্ন ছাত্রাবাস ও মেসে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রকিবুল আলম (২৭), মিজানুর রহমান (২০), মেজবাহ উদ্দিন (২৬), আরিফ বিল্লাহ (১৮), ফখরুল ইসলাম (২১), আমীরুল ইসলাম ফরহাদ (১৮), হোসাইন আহমেদ (২৩), গোলাম কিবরিয়া (২২), শাহেদ আহমদ(১৮), নাহিদুল ইসলাম (২১), রফিকুল হোসাইন (২২), তোফাজ্জল হক (২১), সাদিক হোসাইন (১৯), আবদুস সালাম (২৩), আব্দুর রহিম (১৮), আমিনুল ইসলাম (১৮) ও মুুজিবুর রহমান (১৯)। নগরীর টিলাগড়, বরইকান্দি, আখালিয়া ও সুবিদ বাজার, চৌহাট্টা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশানার আব্দুল্লাহ আল আজাদ। তিনি জানান, তারা গত ১১ জানুয়ারি শাবিতে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ ও ছাত্রলীগের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে আনন্দ মিছিল বের করলে শাবিতে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি এবং দুটি মামলা করে ছাত্রলীগ। এদিকে, সোমবার নগরীর টিলাগড়ে ও খাসদবীরে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের অজ্ঞাতপরিচয়ের প্রায় একশ নেতাকর্মীকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহপরাণ ও বিমানবন্দর থানায় দু’টি মামলা করেছে। এছাড়া শহরতলির টুকেরবাজারে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম বাদী হয়ে শিবিরের কয়েকজন নেতাকর্মীকে আসামি করে জালালাবাদ থানায় অপর একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯২৪ ঘ.