ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক আসিফ নজরুলকে বহিষ্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি সংগঠন।
সোমবার দুপুরে এ দাবিতে অপরাজেয় বাংলার সামনে টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’র নেতৃত্বে ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে ‘স্লোগান ৭১’র সভাপতি নিয়াজ মাকদুম শিবলী বলেন, “আমরা বিজয়ের ৪০ বছর পার করলেও স্বাধীনতাবিরোধীদের হীন চক্রান্ত, কূটকৌশল এবং তথাকথিত মুখোশধারী কিছু বুদ্ধিজীবীর কারণে আজও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না।”
“আজ যখন যুদ্ধপরাধীদের বিচার কাজ চলছে তখন আমরা স্তম্ভিত হয়ে যাই, যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক (আসিফ নজরুল) রাজাকারদের সাফাই গান”, যোগ করেন তিনি।
বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির মতো সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলছেন, আবার ভোল পাল্টিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে দেলোয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ বলে দাবি করছেন। এটা বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছু নয়।”
“মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন শিক্ষককে বহিষ্কার করা উচিত”, বলেন তিনি।
আসিফ নজরুলকে বহিষ্কারের দাবিতে সংগঠনটি গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের আইন বিভাগে আসিফ নজরুলের কক্ষে তালা দেয় এবং কক্ষের সামনে অগ্নিসংযোগ করে। পরদিন একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় তারা।
গত ৩১ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত টক শো ‘ফ্রন্টলাইনে’ আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, সাঈদী ৭১-এ যুদ্ধাপরাধে কোনোভাবেই জড়িত ছিলেন না। কারণ তিনি তখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।
একাত্তরে পিরোজপুরে হত্যা, ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৯২১ ঘ.
bdnews24