২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ৯ রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী নগরীর রেল স্টেশন এলাকায় বাস দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের নয় শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীর রেল স্টেশন এলাকায় বাস দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের নয় শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জিলিয়া মেডিকেয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন- আয়শা আকতার (প্রথম বর্ষ), মাসুদ (মাস্টার্স), শামসুন নাহার রিপা (চতুর্থ বর্ষ), মুন (প্রথম বর্ষ), সাব্বির (প্রথম বর্ষ), ইমতিয়াজ (চতুর্থ বর্ষ), মুনমুন (প্রথম বর্ষ), তন্বী (প্রথম বর্ষ) ও এডওয়াড (চতুর্থ বর্ষ)। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় নারিকেল বাড়িয়া ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে মূল ক্যাম্পাসে ফেরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা লাগায়। এতে শিক্ষার্থীরা হাতে-পায়ে ও মুখে আঘাত পায়। আহতদের মধ্যে আয়শা ও রিপাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। আহত ইমতিয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থী বহনকারী বাসগুলো খুবই পুরাতন। এই কারণে বারবার দুর্ঘটনায় পড়ে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মীর্জা ওয়াজেদ হোসেন বেগ জানান, আহত শিক্ষার্থীদের অবস্থা গুরুতর নয়। দুই শিক্ষার্থীকে এক্সরে করানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৩ ঘ.