ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জুবায়ের আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের অপসারণও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম শুভ বলেন, “জুবায়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত থাকলেও প্রশাসন মাত্র তিনজনকে বহিষ্কার করেছে। বাকিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
উপাচার্য ক্যাম্পাসে সব শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত না করে, কথিত ‘ভিসি’ গ্র“প নামে দলীয় অনুগত বাহিনীর মাধ্যমে ক্যাম্পাসে একক আধিপত্য বজায় রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অবিলম্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভর্তি ফি বাতিল করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার এবং সয শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকর করার দাবি জানান তিনি।
এসব দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৭ জানুয়ারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ২১ জানুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং ৩০ জানুয়ারি ছাত্র সংগঠন ও ছাত্র সংসদের সাবেক নেতাদের সঙ্গে মত বিনিময়।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সহ-সভাপতি আবু তোয়াব অপুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৩৭ ঘ.
bdnews24