২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছরে ধরে নির্বাচিত উপাচার্য দেখেনি চবি

নির্বাচনের মাধ্যমে উপাচার্য নির্বাচিত হওয়ার বিধান থাকলেও গত ২০ বছর ধরে তা হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক এই চর্চা ব্যাহত হওয়া কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী হওয়ার অন্যতম কারণ মনে করছেন সংশ্লিষ্টরা। তাবারুল হকের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

তাবারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনেটে নির্বাচনের মাধ্যমে উপাচার্য নির্বাচিত হওয়ার কথা থাকলেও গত ২০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমনটি ঘটেনি। ক্ষমতাসীন দলের পছন্দের ব্যক্তিই উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছেন। গত ২০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারের মনোনয়নে আট জন উপাচার্য নিয়োগ পেয়েছেন। সর্বশেষ গত ১৫ জুন নিয়োগ পান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এই অধ্যাদেশের ১২ (১) ধারায় বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) সিনেট মনোনীত তিন জনের একটি প্যানেল থেকে এক জনকে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেবেন।” অধ্যাদেশ অনুসারে উপাচার্য নির্বাচনের দায়িত্ব যে সিনেটের, এই বিশ্ববিদ্যালয়ে সেই সিনেটই কার্যকর নয়। তিন বছরের মেয়াদ থাকলেও এক যুগের বেশি সময় ধরে সিনেটের বিভিন্ন ধরনের প্রতিনিধি নির্বাচন হয় না। এ নিয়ে মেয়াদোত্তীর্ণ সিনেট সদস্যদের মধ্যেও ক্ষোভ রয়েছে। গত বছরের ২৯ জুন সিনেটের সর্বশেষ সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে গত ২০ বছর উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ বিষয়ে মেয়াদোত্তীর্ণ সিনেটের শিক্ষক প্রতিনিধি ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে আইন নেই মনে করেই সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক উপাচার্য নিয়োগ দিচ্ছে।” ’৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও পরিচালিত হয়। সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও বর্তমান উপাচার্যরা নির্বাচিত নন। এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনির্বাচিত উপাচার্যের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কোনো দায়বদ্ধতা তৈরি হয় না। সে স্বৈরাচারী আচরণ করে।” সিনেটকে বিশ্ববিদ্যালয়ে ‘পার্লামেন্ট’ আখ্যা দিয়ে অধ্যাপক হাসানুজ্জামান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেটকে অকার্যকর রেখে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন পর্ষদের কাজ চলছে।” বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিনেটকে কার্যকর করে নিয়ম অনুযায়ী উপাচার্য নিয়োগ জরুরি বলে মনে করেন তিনি। হাসানুজ্জামান জানান, প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র দুজন উপাচার্য সিনেটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৯৮৫ সালে উপাচার্য হন অধ্যাপক মোহাম্মদ আলী এবং ১৯৮৮ সালে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিনেট ও অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনকে ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর তখনকার সরকার ব্রিটিশ আমলের এক আইন দেখিয়ে পদত্যাগে বাধ্য করান। “পরদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-৭৩ লঙ্ঘন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পছন্দমতো উপাচার্য নিয়োগ দেয় বিএনপি সরকার। এরপর থেকে একই ধারায় উপাচার্য নিয়োগ দিয়ে আসছে সরকার,” বলেন তিনি। ১৯৯৬ সালে অধ্যাপক আবদুল মান্নানকে উপাচার্য নিয়োগ করে আওয়ামী লীগ সরকার। ২০০১ সালে অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেনকে নিয়োগ দেওয়া হয়। ২০০২ সালে অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী, ২০০৬ সালে অধ্যাপক এম বদিউল আলম উপাচার্য হন। ২০০৯ সালে অধ্যাপক আবু ইউসুফ এবং পরের বছর অধ্যাপক মো. আলাউদ্দিনকে (ভারপ্রাপ্ত) উপাচার্য নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য পদে সরকারের নিয়োগ দেওয়ার এই প্রক্রিয়াটি বন্ধ হওয়া উচিত। উপাচার্য নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ সিনেটের শিক্ষক ও রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন হওয়া জরুরি বলেও মনে করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা জানান, তিন বছর পরপর সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০০১ সালের ১০ ফেব্র“য়ারি এ নির্বাচন হয়। একইভাবে সর্বশেষ তিন বছর মেয়াদি রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয় ১৯৮৬ সালের ২ নভেম্বর। সিনেটে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিনিধিত্ব থাকলেও চাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিলো ১৯৯০ সালের ফেব্র“য়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/এমআই/২৩২৩ ঘ.