ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ।
রোববার ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়।
ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা ভবনের কলাপসিবল গেটে তালা লাগিয়ে হত্যাকারীদের বিচার, দোষীরা যেন দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পায় সে ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিকিউরিটি ইনচার্জের পদত্যাগের দাবি জানাতে থাকে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিফা রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হুমকি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তাড়িয়ে দেয়।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আজগর আলী, শেখ মো. শরীফ, আশ্রাফুজ্জামান লিটন, মাহাতাব মেহেদী সম্রাট মিছিলে নেতৃত্বে ছিলেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ছাত্রলীগ নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘ভিসি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- স্লোগান দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে কলাপসিবল গেটের তালা ভেঙে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীরকে মুক্ত করে নিয়ে যায়।
আন্দোলনের সময় ছাত্রী হলগুলো থেকে ছাত্রীদের বের হতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
প্রগতিশীল ছাত্রজোটের বিশ্ববিদ্যালয় শাখার নেতা নাসির উদ্দিন প্রিন্স বলেন, “সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের তাড়া খেয়ে ভয়ে চলে গেছে। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
অবশ্য আন্দোলনরত শিক্ষার্থীদের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করে আজগর আলী বলেন, “সাধারণ শিক্ষার্থীরাই উপাচার্যকে মুক্ত করেছে। ছাত্রলীগের কেউ ছিলো কি না তা আমার জানা নাই।”
এদিকে ছাত্রলীগের একাংশের হুমকি ও তাদের তাড়িয়ে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী একটি বিশেষ অঞ্চলের ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।”
আজগর আলী নেতৃত্বাধীন ছাত্রলীগের গোপালগঞ্জকেন্দ্রিক এই অংশটি উপাচার্যের বিশেষ øেহধন্য বলেও মন্তব্য করে তিনি বলেন, “অতীতেও তারা মূলধারার ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতন করেছে। এসব ঘটনার বিচার হয় নাই। তাই জুবায়েরকে হত্যার মতো দুঃখজনক ঘটনার অবতারণা হলো।”
বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রক্টর ড. আরজু মিঞা দাবি করেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/এএল/২২২১ ঘ.
bdnews24