চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাছুটি শেষ হওয়ার পরও কর্মক্ষেত্রে যোগ না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে অপসারণ করা হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চবির অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশাদ কবিরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চবির ৪৭৯তম সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ।
সভা শেষে চবি প্রক্টর ও সিন্ডিকেট সদস্য ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা ছুটি শেষে মোহাম্মদ আশাদ কবির কর্মক্ষেত্রে যোগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি আর ফিরতে পারবেন না।”
তিনি জানান, এর আগেও ওই শিক্ষককে তার বিভাগে যোগ দিতে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। তবে এর কোন জবাব দেননি তিনি।
২০০৬ সালে তিন বছরের জন্য শিক্ষাছুটি নেন আশাদ। নিয়মানুযায়ী ২০০৯ সালে তার কাজে যোগ দেওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫১ ঘ.
bdnews24