আল-ইমারন শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২-এ এসে চল্লিশ বছর আগের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিলেন রাগিব উদ্দিন। যেন ফিরে গেছেন সেই সোনালী দিনে। শুধু রাগিব নয়, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তিতে মিলনমেলায় অভিভূত সবাই।
শুক্রবার সকালে শহরের কুমিল্লা সড়কের পাশে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ’৫১ ব্যাচের ছাত্র রামকৃষ্ণ ভান্টা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
মিলনমেলা উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, আড্ডা ও খেলাধুলা, আলোচনা, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ নানা অনুষ্ঠানে সাজানো হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান।
সকাল থেকেই স্কুলে জড়ো হতে শুরু করেন প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠীদের দেখে অনেককেই অশ্র“সিক্ত হতে দেখা গেছে। খবর নিচ্ছিলেন পরিবার পরিজনের।
বিদ্যালয়ের ’৫৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ও চিত্রশিল্পী হাশেম খান বলেন, “এই মিলনমেলায় বিভিন্ন বয়সের আমরা যেন ফিরে গেছি সেই ছাত্রাবস্থায়। এ অনুভূতি অন্যরকম। মিলনের মধ্য দিয়ে আমাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বিনিময় অনেকের কাজে আসবে।”
শুধু স্কুলের স্মৃতি নয়, এক একটা সময় আর অধ্যায় ঘুরে ফিরে এসেছে পুনর্মিলনে।
’৭৩ ব্যাচের ছাত্র রাগিব উদ্দিন আহমেদ বলেন, “আজকে আমার কাছে মনে হচ্ছে- আমি যেন ’৭১-এ দাঁড়িয়ে। ৮ ডিসেম্বর যেদিন চাঁদপুর স্বাধীন হয় সেদিন আমার মধ্যে যে অনুভূতি ছিলো আজকেও সেই একই ধরনের অনুভূতি।”
মিলন মেলার উদ্বোধক রামকৃষ্ণ ভান্টা বলেন, “আজকে স্কুলের ১২৫ বছর পূর্তিতে যেই মহামিলন হচ্ছে এতে আমি অনেক আনন্দিত ও গর্বিত।”
দীর্ঘ সময়ে পত্রিকায় অসংখ্য প্রতিবেদন করলেও মিলনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছিলেন না ’৫৬ ব্যাচের ছাত্র চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪০২ ঘ.
bdnews24