ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার।
এ উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে নেতারা জানান।
মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল প্রাঙ্গণে কেইক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
বুধবার সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। এতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত থাকবেন।
বুধবার সকালে আরো রয়েছে রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হবে। পরদিন হবে শীতবস্ত্র বিতরণ।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়।
প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য।
১৯৪৯ সালের ৫ই সেপ্টেম্বর রাজধানীর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ বাঙালির অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল ছাত্রলীগের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০০৮ ঘ.
bdnews24