২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যবই: দূরত্ব মতো পরিবহন ব্যয়ের সুপারিশ

চারশ’ টাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে উপজেলা থেকে বিদ্যালয়ের দূরত্ব অনুযায়ী পাঠ্যবই পরিবহন ব্যয় দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারশ’ টাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে উপজেলা থেকে বিদ্যালয়ের দূরত্ব অনুযায়ী পাঠ্যবই পরিবহন ব্যয় দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চাহিদা অনুযায়ী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সফল হওয়ায় কমিটি সন্তোষ প্রকাশ করে। বছরের প্রথম দিন (গত রোববার) সারাদেশে পাঠ্যবই বিতরণ করা হয়। দুই-একটি ব্যতিক্রম ছাড়া বছরের প্রথম দিনই সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে বলে ইতোমধ্যে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সভাপতি মমতাজ বেগম সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও জোবেদা খাতুন। বৈঠকের শুরুতে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রাথমিক সমাপনীতে পাশের হার আগামী বছর ৯৯ শতাংশে উন্নীত করে ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবে রূপ দেওয়ার সুপারিশ করা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকরা যেন নিয়ম অনুযায়ী পদ্ধতিগতভাবে পাঠদান করেন সে বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা জারি করে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে বিদ্যালয়বিহীন গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯০৬ ঘ.