জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে উন্নয়ন ফি হিসেবে ৫ হাজার টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে ব্যাংক অবরোধ করে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে এই হুমকি দেয় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এই জোট। জোট নেতারা বলেছেন, মঙ্গলবার তারা ক্যাম্পাসের ব্যাংকে অবস্থান নেবেন এবং ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থীকে অর্থ জমা দিতে দেবেন না।
উন্নয়ন ফি প্রত্যাহারের দাবি নিয়ে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রগতিশীল ছাত্রজোট। তাতে কোনো সুরাহা না হওয়ায় ব্যাংক অবরোধের ঘোষণা দেয় তারা।
কালের সাক্ষী জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচ বছর পর নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলানোর কথা বলা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া হলে গত বছরের মাঝামাঝিতে ব্যাপক আন্দোলন শুরু হলে সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রগতিশীল ছাত্রজোট নেতারা বলছেন, প্রশাসন আগের ধারায়ই শিক্ষার ব্যয় পুরোপুরিই ছাত্রদের ওপর চাপাতে চাইছে।
আরো বলেন, ফি বছর ফি বাড়ানোয় ভর্তি ফি প্রায় ১৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। ফলে অনেক দরিদ্র পরিবারের সন্তানদের যোগ্যতা থাকলেও এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হারাচ্ছে।
২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তিতে নির্ধারিত ৫ হাজার টাকা উন্নয়ন ফি বাতিল না হলে জোরদার আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা।
একই দাবিতে গত ১১ ডিসেম্বর উপাচার্যের কাছে স্মারকলিপিও দেয় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশন নেতৃত্বাধীন এই জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৪ ঘ.
bdnews24