২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের দুই ছাত্রলীগকর্মী স্থায়ীভাবে বহিষ্কার

প্রথমে ছয় মাসের জন্য বহিষ্কার করা হলেও আন্দোলনের মুখে ছাত্রলীগের দুই কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বুয়েট। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সতীর্থকে মারধরের কারণে দুই ছাত্রলীগকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বুয়েট। ছাত্রদের আন্দোলনের মুখে সোমবার রাতে এ সিদ্ধান্ত হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তিন ছাত্রের স্থায়ী বহিষ্কার দাবি করলেও তাদের মধ্যে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। তারা হলেন- মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সিকদার মিঠুন এবং সুজিত সাহা। দুজনই সরকার সমর্থক ছাত্রলীগের কর্মী বলে ছাত্ররা জানিয়েছে। এই দুজনসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে রোববার ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। তবে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে রাতভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বিকালে বৈঠকে বসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। বৈঠকের পর রাতে উপউপাচার্য হাবিবুর রহমান দুই শিক্ষার্থী মিঠুন ও সুজিতকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এদিকে প্রশাসনিক ভবনে বৈঠক চললেও আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়ে থাকেন। চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার পর রাত ৯টার দিকে ক্যাফেটেরিয়া থেকে হলে ফেরে শিক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী, বহিষ্কৃত শিক্ষার্থীরা তাদের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলে আবেদন করতে পারবেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র নূরে বাহার ঈয়াসা সাংবাদিকদের বলেন, “কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা আশা করছি, বহিষ্কৃতরা আবেদন করলেও তাদের শাস্তি যেন না কমে।” সুজিত ও মিঠুনের বিষয়ে সংগঠন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের বুয়েট শাখার সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ব্যক্তিগতভাবে এই কাজ করেছে। সংগঠন তাদের দায় নেবে না।” ২৮ ডিসেম্বরে বুয়েটের বিদায়ী ব্যাচ আয়োজিত কনসার্টে কথা কাটাকাটির জের ধরে শনিবার দুপুরে নজরুল ইসলাম হলের ২০১ (ক) কক্ষের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈশানকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক পেটানো হয়। ঈশান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে। ঈশানকে মারধরের জন্য সুজিত, মিথুন ও দ্বীপকে দায়ী করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর রোববার মিঠুন, সুজিত ও দ্বীপকে রোববার ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। ডিসিপ্লিনারি কমিটির ওই সভায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু ওই তিন জনের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা রাতভর সেখানে অবস্থানের পর সকালে মিছিল করে। এরপর সোমবার বিকালে পুনরায় বৈঠকে বসে বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৬ ঘ.