২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রশাসন ভবনে ছাত্রলীগের তালা

রাতে দুই পক্ষের সংঘর্ষের পর সোমবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবন আধ ঘণ্টা তালা দিয়ে রাখে ছাত্রলীগের একপক্ষ। এই সময় উপাচার্য কার্যালয়ে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাতে দুই পক্ষের সংঘর্ষের পর সোমবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবন আধ ঘণ্টা তালা দিয়ে রাখে ছাত্রলীগের একপক্ষ। এই সময় উপাচার্য কার্যালয়ে ছিলেন। সোমবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত চবির প্রশাসনিক ভবনে তালা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মামুনুল হকের অনুসারীরা। পরে ছাত্রলীগ সভাপতি মামুনুল হক ও সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর শিকদারের নেতৃত্বে কয়েকজন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে সভাপতি মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শাহেদ সরওয়ারের অনুসারীর মধ্যে সংঘর্ষে দুই পক্ষের চার জন আহত হয়। মামুন ও শাহেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তাদের অনুসারীরা রড ও চাপাতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের এক ছাত্রকে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রশাসনিক ভবনে তালা দেয়ার বিষয়টি স্বীকার করে মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতীকী প্রতিবাদ স্বরূপ প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলাম। তবে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে চবি প্রক্টর ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তালা নয়, ছাত্রলীগ নেতাকর্মীরা মূল ফটক টেনে দিয়েছিলো। তারা কয়েকজন উপাচার্যের সঙ্গে দেখা করতে যায়। অন্য কেউ যাতে ভেতরে যেতে না পারে, সে জন্য মূল ফটকের কলাপসিবল গেটটি টেনে দিয়েছিলো।” স্মারকলিপি দেওয়ার বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, স্মারকলিপিতে চবি ক্যাম্পাসের ‘ত্রাস’ রাকিব-সাকিবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। পাশাপাশি গত রাতের ঘটনার বিচার দাবি করেছি। উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, দাবির বিষয়ে অলোচনা হয়েছে। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চবির শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভিএক্স’র (ভার্সিটি এক্সপ্রেস) নেতৃত্বদানকারী রাকিব হোসেন ও শিহাবুন সাকিব ভুঁইয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৭১০ ঘ.