২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে বৈঠকে বসেছে শৃঙ্খলা কমিটি

তিন ছাত্রের বহিষ্কারের দাবিতে রাতভর বিক্ষোভের পর বিকালে বৈঠকে বসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ছাত্রের বহিষ্কারের দাবিতে রাতভর বিক্ষোভের পর বিকালে বৈঠকে বসেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। বৈঠকের পর কমিটির সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা ঘরে ফিরবেন না। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিদায়ী ব্যাচের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বুয়েটের মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সিকদার মিঠুন ও সুজিত সাহা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে রোববার ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে সভায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। সোমবার কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু ওই তিন জনের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা রাতভর সেখানে অবস্থানের পর সকালে মিছিল করে। তবে কার্যালয়ে দু’জনের কেউই ছিলেন না। বিকাল সাড়ে ৩টায় বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠক শুরু হয়। উপাচার্যের নেতৃত্বে কমিটির সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। ২৮ ডিসেম্বরে বুয়েটের বিদায়ী ব্যাচ আয়োজিত কনসার্টে ঢোকার জের ধরে জুনিয়র ব্যাচের কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। শনিবার দুপুরে নজরুল ইসলাম হলের ২০১ (ক) কক্ষের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈসানকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক মারধর করে ০৮ ব্যাচের সুজিত, মিথুন ও ০৯ ব্যাচের দ্বীপ। গুরুতর আহত অবস্থায় ঈশান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪১ ঘ.