ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রাতভর বিক্ষোভ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা ঘরে ফিরবেন না।
বিদায়ী ব্যাচের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বুয়েটের মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সিকদার মিঠুন ও সুজিত সাহা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে রোববার ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
একই সঙ্গে সভায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। সোমবার সকালে কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা।
কিন্তু ওই তিন জনের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা রাতভর সেখানে অবস্থানের পর সকালে মিছিল করে। তবে কার্যালয়ে দু’জনের কেউই ছিলেন না।
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী ব্যাচের ছাত্র সামিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা রাতভর ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তাদের একটাই দাবি- ওই তিন ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি সভায় নিয়মনুযায়ী ওই তিন শিক্ষার্থীর শাস্তি নিশ্চিত করা হবে।”
শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে উপাচার্য প্রফেসর এস এম নজরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি ক্যাম্পাসের বাইরে আছি। ক্যাম্পাসে না গিয়ে কিছু বলতে পারছি না।”
এদিকে বহিষ্কৃত ওই তিন জন ছাত্রলীগ কর্মী হলেও হামলার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। এদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।”
২৮ ডিসেম্বরে বুয়েটের বিদায়ী ব্যাচ আয়োজিত কনসার্টে ঢোকার জের ধরে জুনিয়র ব্যাচের কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। শনিবার দুপুরে নজরুল ইসলাম হলের ২০১ (ক) কক্ষের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈসানকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক মারধর করে ০৮ ব্যাচের সুজিত, মিথুন ও ০৯ ব্যাচের দ্বীপ।
গুরুতর আহত অবস্থায় ঈশান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে।
ঘটনার পর হল ও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১১০৩ ঘ.
bdnews24