ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী ব্যাচের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অবশ্য স্থায়ী বহিষ্কার আদেশের দাবিতে উপ-উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।
বহি®কৃতরা হলেন- সাইফুল্লাহ সিকদার মিঠুন (স্টুডেন্ট নং-০৮১০০৮১), সুজিত সাহা (০৮১১০১৯), আরিফ রায়হান দ্বীপ (০৯১০১১৫)।
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সামিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ ডিসেম্বরে বুয়েটের বিদায়ী ব্যাচ আয়োজিত কনসার্টে ঢোকার জের ধরে জুনিয়র ব্যাচের কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়।
পরে শনিবার দুপুরে নজরুল ইসলাম হলের ২০১ (ক) কক্ষের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈসানকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক মারধর করে ০৮ ব্যাচের সুজিত, মিথুন ও ০৯ ব্যাচের দ্বীপ।
গুরুতর আহত অবস্থায় ঈশান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলায় তিন জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
“আজকের সভায় চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সোমবার সকাল ৯টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি সভায় নিয়মনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে”, যোগ করেন তিনি।
ঘটনার পর হল ও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৩৮ ঘ.
bdnews24