রংপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের দর্শনা বিএন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক ২ ঘণ্টা অবরোধে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেয়। বিক্ষুব্ধরা অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের অপসারণও দাবি করেছে।
অবরোধের সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী শেফালী বেগম। অভিভাবকদের পক্ষে গোলাপ হোসেনও বক্তব্য রাখেন।
শেফালী অভিযোগ করেন, এসএসসি পরীক্ষার ফি শিক্ষা বোর্ড ১৪০০ টাকা নির্ধারণ করে দিলেও বিএন স্কুলে ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
গোলাপ বলেন, অতিরিক্ত টাকা চাওয়ায় হতদরিদ্র ১৫ শিক্ষার্থী অর্থের অভাবে ফরম পূরণ করতে পারেনি।
অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে উঠিয়ে দেয়।
অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24