চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা সভাপতি পেলেও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত হলুদ প্যানেল।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ হয়। এর আগে গত সোম ও বুধবার নির্বাচনে অগ্রিম ভোটগ্রহণ হয়। ওই দুদিনে মোট ১৩৮ জন শিক্ষক ভোট দেন।
শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর ফল ঘোষণা করেন।
নির্বাচনে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদ আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজের (সাদা প্যানেল) প্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক মো. মোজাফফর আহমদ চৌধুরী ২৭৭ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার বিপরীতে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে পেয়েছেন ২৭৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হলুদ প্যানেলের প্রার্থী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী। এ পদে সাদা প্যানেলের প্রার্থী উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ বখতেয়ার উদ্দিন পেয়েছেন ২৪৯ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবদুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। ৬৬৭ জন ভোটারের মধ্যে মোট ৫৭২ জন ভোট দিয়েছেন।
নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. মোজাফফর আহমদ চৌধুরীও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
হলুদ প্যানেলের পক্ষ থেকেও নির্বাচনের ফলকে স্বাগত জানানো হয়েছে।
এ প্যানেলের আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে।”
সহ-সভাপতি পদে হলুদ প্যানেলের প্রার্থী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন ৩০০ ভোট পেয়ে বিজয়ী হন। বিপরীতে সাদা প্যানেলের থেকে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. ইমাম হোসেন পান ২৪৫ ভোট।
যুগ্ম সম্পাদক পদে হলুদ প্যানেলের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল হাসান ভূঁইয়া ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। বিপরীতে সাদা প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহ্ আলম পান ২৫৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের প্রার্থী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্ধী প্রার্থী হলুদ প্যানেলের ম্যানেজমেণ্ট স্টাডিজ বিভাগের এ কে এম তফাজ্জল হক ২৭২ ভোট পান।
ছয়টি সদস্য পদের সবগুলোই হলুদ প্যানেলের প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. জরিন আকতার, যোগাযোগ ও সাংবাদিকতার সহযোগী অধ্যাপক মোহাম্মদ সহিদ উল্ল্যাহ, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবতী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জীবন চন্দ্র পাল।
এ নির্বাচনে দুই প্যানেলের বাইরে কেউ প্রার্থী ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/০১০২ ঘ.
bdnews24