২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে তথ্যপ্রযুক্তি উৎসব

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক উৎসব 'সিএসই কার্নিভাল-২০১১'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

সিলেট, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক উৎসব 'সিএসই কার্নিভাল-২০১১'। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগ ও সিএসই সোসাইটি যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে। এবারের উৎসবে প্রথমবারের মতো জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতার (এনসিএসসি) আয়োজন করা হয়েছে বলে জানান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি আইটি মেলা, জব ফেয়ার ও ল্যাপটপ মেলারও আয়োজন রয়েছে উৎসবে। এনসিএসসি-তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬টি দল অংশ নিচ্ছে। জাফর ইকবালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজা সেলিম, রিভ সিস্টেমস-এর উপমহাব্যবস্থাপক খন্দকার রায়হানুল ইসলাম, আইবল নেটওয়ার্ক এর মার্কেটিং ম্যানেজার মো. রেদওয়ানুল হক, সিএসই সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সায়মা সুলতানা চৌধুরী। উপাচার্য সালেহ উদ্দিন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। এ ক্ষেত্রে সৃষ্টিশীল কাজ করে তরুণ প্রযুক্তিবিদরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। জিডিপি'কে দুই অঙ্কে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তিই গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। শুক্রবার সেমিনার, চাকরি মেলা, তথ্যপ্রযুক্তি মেলা ও প্রোগ্রামিং মক টেস্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে 'প্রযুক্তি হোক সামাজিক সচেতনতা বৃদ্ধির হাতিয়ার' স্লোগানে 'জনসচেতনতা ও তথ্য-প্রযুক্তি' শীর্ষক একটি গোল টেবিল বৈঠকও অনুষ্ঠিত হবে। শনিবার আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০৭টি দল নিবন্ধন করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৪০ ঘ.