ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহপাঠীকে লাঞ্ছিত করার প্রতিবাদে টিএসসি চত্বরে চারটি বাস ভাঙচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোব্বার বেলা সাড়ে ১২টার দিকে বাসগুলো ভাঙচুর করা হয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডেভলেপমেন্ট স্টাডিজের একই বর্ষের শিক্ষার্থী মীম শনিবার রাত ৮টার দিকে মেট্রোলিংক পরিবহনের একটি বাসে করে মিরপুর যাচ্ছিলেন। এ সময় সিটে বসা নিয়ে বাসের কন্ট্রাক্টর ও হেলপার তাকে লাঞ্ছিত করেন। তারা তার মোবাইল ফোন ও মানিব্যাগও কেড়ে নেয়।
সকালে এ ঘটনা সহপাঠীদের জানালে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আজিমপুর গিয়ে ওই বাস চারটি নিয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম সাইফুল ইসলাম বলেন, এ ধরনের একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ এলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৭১২ ঘ.
bdnews24