২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে সিএসই কার্নিভাল শুরু বৃহস্পতিবার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা সিএসই কার্নিভাল-২০১১। চলবে শনিবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহস্পতিবার শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা সিএসই কার্নিভাল-২০১১। চলবে শনিবার পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করছে কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটি। বিশ্ববিদ্যালয়ের সিএসই সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সায়মা সুলতানা চৌধুরী জানান, এবারের কার্নিভালে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় কলেজিয়েট সফট্ওয়্যার প্রতিযোগিতার (এনসিএসসি) আয়োজন করা হয়েছে। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইটি মেলা, জব ফেয়ার ও ল্যাপটপ মেলাও রয়েছে। তিনি জানান, কলেজিয়েট সফট্ওয়্যার ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় দলীয়ভাবে অংশ নিতে পারবে। জাতীয় কলেজিয়েট সফট্ওয়্যার প্রতিযোগিতায় দলীয়ভাবে কোচসহ পাঁচজন সদস্য নিবন্ধন করতে পারবে। একটি দলের নিবন্ধন ফি ধরা হয়েছে এক হাজার ৫০০ টাকা। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য কোচসহ চারজন সদস্য নিবন্ধন করতে পারবে। একটি দলের নিবন্ধন ফি তিন হাজার টাকা। জাতীয় কলেজিয়েট সফট্ওয়্যার প্রতিযোগিতা ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধনসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/csecarnival) যোগাযোগ করে সিএসই কার্নিভাল সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এছাড়া ০১৫৫৫৫৫৫০১০ নম্বরের মোবাইল ফোনেও যোগাযোগ করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.