২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের পিটুনিতে ঢাবি ছাত্র হাসপাতালে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এক শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের তিন নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 09:08 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এক শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের তিন নেতা। আহত সাইফুদ্দিন সোহাগকে শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হলের আবাসিক শিক্ষক আব্দুস সবুর খান। শিক্ষার্থীরা জানান, হলের ক্যান্টিন থেকে ভাত কিনে নিজের কক্ষে নিয়ে যাওয়া নিয়ে শুক্রবার দুপুরে আরবি দ্বিতীয় বর্ষের ছাত্র সোহাগের সঙ্গে কথা হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক শেখ নূর কুতুবুল আলমের কাটাকাটি হয়। এর জের ধরে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও শাহীনুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে সোহাগকে ৩১৮ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে কুতুবুল আলমসহ তিনজন মিলে সোহাগকে বেদম পিটুনি দেন। হলের আবাসিক ছাত্র হাবিব ও জাহিদ আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সাইফুদ্দীন শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার কোনো হাড় ভাঙেনি। হলের আবাসিক শিক্ষক আব্দুস সবুর খান হাসপাতালে সাংবাদিকদের বলেন, "তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব আমরা।" বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি অনেক রাতে হলে ফিরেছি। ঘটনার বিস্তারিত জানি না। তবে ছাত্রলীগের কেউ দায়ী হয়ে থাকলে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৩০৫ ঘ.