২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা উন্নয়নে এডিবির ঋণ

শিক্ষা খাতের উন্নয়নে ৩২ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা খাতের উন্নয়নে ৩২ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (প্রাইমারি এডুকেশন ডেভলেপমেন্ট প্রোগ্রাম ৩) এ অর্থ ব্যয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম মোশাররফ হোসেন ভূইঞা ও বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি থেবাকুমার কান্দিয়াহ এ সংক্রান্ত একটি ঋণ চুক্তিতে সই করেছেন। ৩২ বছরে এডিবিকে এ ঋণের অর্থ ফেরত দিতে হবে। ঋণের জন্য প্রথম আট বছর এক শতাংশ এবং পরবর্তী সময়ে দেড় শতাংশ হারে সুদ দিতে হবে। মোশারফ বলেন, ওই কর্মসূচির মোট ব্যয় ধরা হয়েছে ৮৩৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৭৩২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ডলার। বাকি ১০১ কোটি পাঁচ লাখ ডলার দেবে এডিবিসহ নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা। এর অংশ হিসেবেই ৩২ কোটি ডলারের ঋণ চুক্তি করলো এডিবি। থেবাকুমার কান্দিয়াহ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুন মেয়াদে এ কর্মসূচি বাস্তবায়ন হবে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। "সবার জন্য উন্নত শিক্ষা ও শিক্ষণপদ্ধতি নিশ্চিত, প্রাথমিক শিক্ষায় বৈষম্য কমিয়ে আনা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/০০০০ ঘ.