২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে ইমেজ ইতিবাচক করুন: শিক্ষামন্ত্রী

চলতি বছরের মধ্যে শিক্ষা অধিদপ্তরের ইমেজ ইতিবাচক পর্যায়ে উন্নীত করার তাগিদ দিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মধ্যে শিক্ষা অধিদপ্তরের ইমেজ ইতিবাচক পর্যায়ে উন্নীত করার তাগিদ দিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শিক্ষা অধিদপ্তরের ইমেজ ইতিবাচক পর্যায়ে উন্নীত করতে হবে। এখানে বিভিন্ন কাজে আসা লোকজন যেন বলেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ খায় না, কাজের জন্য ঘুরায় না।" ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি) আয়োজিত ২৮৬টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জন্য একটি করে মটর সাইকেল বিতরণ অনুষ্ঠানে নাহিদ এ কথা বলেন। শিক্ষা ভবন নামে পরিচিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স¤প্রতি শিক্ষা ভবনের এক কর্মচারী এক শিক্ষকের কাছে ঘুষ চেয়ে শিক্ষামন্ত্রীর হাতে ধরা পড়েন। পরে শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেতে শিক্ষা মন্ত্রণালয় সেখানে একটি অভিযোগ বাক্স বসিয়েছে। আগামি বছরের পাঠ্যবই এবার সরাসরি উপজেলা শিক্ষা অফিসে পাঠানো শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এসব বই রক্ষণাবেক্ষণ ও সরবরাহের প্রতি আপনারা মনোযোগী ও সতর্ক থাকুন। বই বিতরণে কারো কোনো গাফিলতি সহ্য করা হবে না।" স্কুল মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দেন নাহিদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদের সভাপতিত্বে সভায় এটলাস বাংলাদেশ'র সহ-সভাপতি দিপক মুকাশি, এসইএসপির প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সিরাজুল হক, টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপক কুমার নাগ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২৪৬ ঘ.