টাঙ্গাইল, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষককে অবরুদ্ধ, ভাংচুর ও কর্মচারীদের লাঞ্ছিত করার ঘটনায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তিন কার্য দিবসের মধ্যে তার সুস্পষ্ট জবাব দিতে বলা হয়েছে তাদের।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক একথা জানান।
এদিকে ঘটনাটি তদন্তের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দিতে বলা হয়।
সাময়িক বহি®কৃত ছাত্ররা হলো ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স'র (এফটিএনএস) ৩য় বর্ষ ১ম সেমিস্টারের নুরুন্নবী সিদ্দিকী, কে এইচ আল আমিন, মো. সাইফুল ইসলাম, মো. শামছুল হক, ২য় সেমিস্টারের মো. শামিমুল হক, হোসাইন মো. লিটন, ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের মো. আব্দুল্লাহ আল হাদী, মো. মাইনুল হাসান, মো. মাহবুব হাসান এবং ১ম বর্ষ ২য় সেমিস্টারের সজিব তালুকদার।
মুহাম্মদ উমর ফারুক সাংবাদিকদের জানান, ক্রেডিট ফি কমানোর দাবিতে সোমবার ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিভাগের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও কম্পিউটার ভাংচুর এবং বিভাগীয় চেয়ারম্যান রোকেয়া বেগমকে অবরুদ্ধ করে।
এ সময় ছাত্রদের বাধা দিলে তারা এমএলএসএস মো. আব্বাস আলী সিদ্দিকী এবং প্রক্টর অফিসের অ্যাটেনডেন্ট মো. আল মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার ও বুধবার কর্মবিরতি পালন করেন। এছাড়া কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদ ও তিনদফা দাবিতে কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন।
এদিকে কর্মচারীদের দাবি মেনে নেওয়ায় বুধবার থেকে তারা কাজে যোগ দিয়েছেন বলে অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. মাহবুবুল ইসলাম তালুকদার জানান, উপাচার্য বুধবার তাদের তিনদফা দাবি মেনে নেওয়ায় তারা কাজে যোগদান করেছেন।
দাবিগুলো হলো শারীরিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং কর্মকর্তা ও কর্মচারী সংক্রান্ত তদন্ত কমিটিতে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির অনুমোদন দিকে হবে এবং নিরাপত্তা পুলে আনসারের ব্যবস্থা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24