২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৩ সালেই নতুন পাঠ্যক্রমের বই: নাহিদ

জাতীয় শিক্ষানীতির আলোকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকেই নতুন পাঠ্যক্রমের বই হাতে পাবে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 09:54 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতির আলোকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকেই নতুন পাঠ্যক্রমের বই হাতে পাবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সেমিনারে তিনি বলেন, "নতুন প্রজন্মকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাক্রমে এই পরিবর্তন আনা হচ্ছে।" জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) আয়োজিত এই সেমিনারে জানানো হয়, নতুন শিক্ষানীতির আলোকে মাধ্যমিক স্তরের ৭৫টি এবং উচ্চ মাধ্যমিক স্তরের চারটি বইয়ের শিক্ষাক্রমে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ১৮ বছর আগে প্রণীত এবং ১৯৯৬ সালে প্রবর্তিত শিক্ষাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাদান চলছে উল্লেখ করে নাহিদ বলেন, ২০১২ সালের মার্চ মাসের মধ্যে নতুন শিক্ষাক্রমের বই লেখার কাজ শেষ করা হবে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সামাজিক গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণী থেকেই কর্ম ও অগ্রসরমুখী বিষয় থাকবে। 'জাতীয় শিক্ষানীতি-২০১০ এর ভিত্তিতে শিক্ষাক্রম উন্নয়ন' শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অন্যদের মধ্যে এনসিটিবি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল উদ্দিন, এসইএসডিপির প্রকল্প পরিচালক রতন কুমার রায়, জাতীয় কারিকুলাম পরামর্শক ড. ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ আলোচনায় অংশ নেন। নতুন শিক্ষাক্রমে যা থাকছে সেমিনারে জানানো হয়, নতুন এ শিক্ষাক্রম অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক/এবতেদায়ী (প্রথম-অষ্টম শ্রেণী) শিক্ষা সমাপনের পর শিক্ষার্থীদের একটি অংশ মাধ্যমিক/দাখিল (নবম ও দশম শ্রেণী) এবং অপর অংশ বৃত্তিমূলক শিক্ষায় ভর্তি হতে পারবে। মাধ্যমিক স্তর শেষে শিক্ষার্থীরা ইচ্ছামতো উচ্চ মাধ্যমিক/আলিম (একাদশ ও দ্বাদশ শ্রেণী) বা কারিগরি শিক্ষায় ভর্তি হতে পারবে। আবার বৃত্তিমূলক শিক্ষার ছাত্রছাত্রীরা উচ্চতর দক্ষতার বৃত্তিমূলক শিক্ষা পেরিয়ে কারিগরি শিক্ষায় ভর্তি হবে। এরাও পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। নতুন এ শিক্ষাক্রমে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণীর সাধারণ, মাদ্রাসা, ইংরেজি মাধ্যমসহ সব ধারার শিক্ষায় ১৫০ নম্বরের বাংলা, ১৫০ নম্বরের ইংরেজি, ১০০ নম্বরের গণিত, ১০০ নম্বরের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০০ নম্বরের বিজ্ঞান, ৫০ নম্বরের পরিবেশ পরিচিতি, ৫০ নম্বরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ মোট ৭০০ নম্বরের পাঠ্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিজস্ব ধারার আরো ৪০০ নম্বরের পাঠ্যসূচি এ শিক্ষাক্রম থাকবে। মাধ্যমিক স্তরে (নবম ও দশম শ্রেণী) মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। প্রতি শাখার জন্য ২০০ নম্বরের বাংলা, ২০০ নম্বরের ইংরেজি, ১০০ নম্বরের গণিত, ১০০ নম্বরের ধর্ম ও নৈতিক শিক্ষা, ৫০ নম্বরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১০০ নম্বরের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলাসহ মোট ৭৫০ নম্বরের পাঠ্যক্রম বাধ্যতামূলক থাকবে। এছাড়া বিভাগভিত্তিক আরো ৪০০ নম্বরের পাঠ্যসূচি থাকবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রমে ২০০ নম্বরের বাংলা, ২০০ নম্বরের ইংরেজি, ৫০ নম্বরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ১০০ নম্বরের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলা সংক্রান্ত বিষয় থাকবে। এছাড়া ক্লাসের সময়সীমা ৩৫/৪০ মিনিটের পরিবর্তে ৫০ মিনিট করা, বার্ষিক ছুটি ১৪১ দিনের পরিবর্তে ১১৬ দিন এবং অল্প দিনের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা গ্রহণের ওপর জোর দেওয়া হবে নতুন শিক্ষাক্রমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০৩৩৩ ঘ.