ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুল (সিটিএস)। রাজধানীর গুলশানে এ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আটলান্টিক এডুকেশন ইন্টারন্যাশনালের এশিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক এরিক স্মিথ জানান, আগামি সপ্তাহ থেকেই ষষ্ঠ থেকে দশম লেবেল পর্যন্ত প্রতি ক্লাসে দশ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম উন্নীত করা হবে লেবেল-১২ পর্যন্ত। পর্যায়ক্রমে শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানো হবে।
সিটিএসে শিক্ষার্থীরা কানাডীয় ছাত্র-ছাত্রীদের সঙ্গে পড়াশোনার সুযোগ পাবে। এখান থেকে লেবেল-১২ সম্পন্ন করলে কানাডার নিউ বার্নসউইক হাই স্কুলের ডিপ্লোমা সনদ অর্জন করবে তারা।
এরিক স্মিথ বলেন, "স্কুলের প্রতিটি ক্লাসে থাকবে ই-বোর্ড ও স্মার্টবোর্ডের নতুন সংস্করণ। বাংলাদেশে এ ধারার প্রতিষ্ঠান এটাই প্রথম।"
এ প্রতিষ্ঠানে লেখাপড়া করে বাংলাদেশের শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন সিটিএস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান।
তিনি বলেন, সিটিএসের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে কানাডীয় পাঠ্যসূচি মেনে। স্কুল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্কুলের ওয়েবসাইটে (www.ctsbd.ca) পাওয়া যাচ্ছে।
অন্যদের মধ্যে সিটিএসের অধ্যক্ষ হেলেনা ওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/জেকে/২৩৫০ ঘ.
bdnews24