২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ২ ছাত্র মার্কেটে আটকের পর মুচলেকায় মুক্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র টাকা না দিয়ে টি শার্ট নেওয়ার অপরাধে এক মার্কেটে আটক হয়ে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র টাকা না দিয়ে টি শার্ট নেওয়ার অপরাধে এক মার্কেটে আটক হয়ে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন। সুমন ও সৌরভ দে নামের ওই দুই ছাত্রকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার জনসন রোডের 'নগর সিদ্দিকী প্লাজায়' এ ঘটনা ঘটে। মার্কেটের দোকান মালিক সমিতির হিসাবরক্ষক সাইদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমন ও সৌরভ ১২তলা ভবনের নিচ তলার 'এস-টু' গার্মেন্ট নামের একটি দোকানে গিয়ে দুটি টি শার্ট নেন। দোকানি দুটি টি শার্টের দাম ১২শ টাকা বলেন। কিন্তু ওই দুইজন তিনশ টাকা দিতে চান। এতে দোকানি রাজি না হলে ওই দুই ছাত্র টাকা না দিয়ে টি শার্ট দুটি নিয়ে চলে যেতে উদ্যত হয়। সাইদ বলেন, "পরে মার্কেটের লোকজন তাদের আটকে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন। "সৌরভ দে আমার নাম বলায় মার্কেটের লোকজন আমাকে ফোন করে।" এক প্রশ্নের জবাবে আরিফুজ্জামান বলেন, "সৌরভ একসময় ছাত্রলীগ করতেন। আর সুমন ছাত্রদলের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি।" ওই মার্কেটের সভাপতি নিয়াজ আহম্মেদ সিদ্দিকী অভিযোগ করেন, "ছাত্ররা প্রায় বিভিন্ন দোকানে ঢুকে টাকা না দিয়ে মালামাল নিয়ে যায়। রোবরারও এক মোবাইল ফোনের দোকান থেকে দুটি সিম ছাত্ররা টাকা না দিয়ে নিয়ে যায়।" ১২ তলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত ৬২টি গার্মেন্ট, কসমেটিকস ও মোবাইল ফোনের দোকান রয়েছে বলে সভাপতি জানান। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে বিনা-পয়সায় নেওয়া নয়, দাম কম দিয়ে তারা টি শার্ট নিতে চেয়েছিলেন।" মার্কেটের বিভিন্ন দোকানের ছাত্ররা বিনা টাকায় মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ মাঝেমাঝে 'শোনেন' বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৭৫৫ ঘ.