২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব বৈধ আইন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশের নির্দেশ

আগামী দুই মাসের মধ্যে স্বরাষ্ট্র ও শিক্ষা সচিবকে দেশের সব বৈধ আইন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মাসের মধ্যে স্বরাষ্ট্র ও শিক্ষা সচিবকে দেশের সব বৈধ আইন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করতে বলেছে হাইকোর্ট। বুধবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত চ্যান্সরি ল' একাডেমির 'প্রতারিত' শিক্ষার্থী রেহানা আলীর দায়ের করা এক রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র ও শিক্ষা সচিবকে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়, আর কোনো শিক্ষার্থী যেন প্রতারিত না হয় সে জন্য কমিটি গঠন করে সারা দেশের সব বৈধ আইন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরী করে দুই মাসের মধ্যে প্রকাশ করতে হবে। ওই নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগামী ১২ অক্টোবর চ্যান্সরি ল' একাডেমির অধ্যক্ষ অধ্যাপক ড. খাজা ইকবালকে নিজের শিক্ষা জীবনের সব সনদ নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা সচিবকে দেওয়া আরেক নির্দেশনায় মানসম্মত আইন শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আইন সনদ দেওয়ার কারণে চেঞ্চিরি ল একাডেমির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না এবং আইন শিক্ষায় বিভিন্ন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চায় হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং চ্যান্সরি ল' একাডেমির অধ্যক্ষ অধ্যাপক ড. খাজা ইকবালকে এর জবাব দিতে বলা হয়েছে। মনজিল মোরসেদ বলেন, চ্যান্সরি ল' একাডেমি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও উইলিয়ামসবার্গ বিশ্ববিদ্যালয়ের নামে তাদের কার্যক্রম চালাতো। আবেদনকারী রেহানা আলী নিজেই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একটি সনদ অর্জন করেছেন। চ্যান্সরি ল' একাডেমির দেওয়া সনদ ভুয়া বলে তার সন্দেহ হলে তিনি যুক্তরাজ্যে খোঁজ নিয়ে এর সত্যতা পান। "ওই একাডেমির দেওয়া সব সনদই ভুয়া এবং আমাদের কাছে রিপোর্ট রয়েছে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের শিক্ষা জীবনের সনদও ভুয়া।" সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/পিডি/২১০৯ ঘ.