জাবি, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর শুরু হবে। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ঈদের ছুটি ও ব্যাংক বন্ধের দিন ছাড়া) অগ্রণী ব্যাংকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকার ফার্মগেট, শাহবাগ, জাতীয় যাদুঘর ও গাবতলী শাখায় ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, খেলোয়াড় কোটা ও সাংস্কৃতিক কোটায় ভর্তি পরীক্ষার আবেদনপত্র পাওয়া যাবে অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায়।
এবার ফরমের দাম ধরা হয়েছে ২০০ টাকা। আবেদনপত্র পূরণ করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.juniv.edu/admission.php) পাওয়া যাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম আইন ও বিচার অনুষদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং পাবলিক হেলথ অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭১৯ ঘ.
bdnews24