ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন লোকসংগীত গবেষক, শিল্পী ও শিক্ষক মৃদুল কান্তি চক্রবর্তী।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এই অধ্যাপকের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজের জেলা সুনামগঞ্জে। রাত ১১টার পর ষোলঘর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃদুল কান্তি চক্রবর্তী (৫৭)। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এই শিল্পী ডায়াবেটিসেও ভুগছিলেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মৃদুল কান্তির মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এ অনুষ্ঠানে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' গেয়ে সংগীতের এই শিক্ষককে শেষ বিদায় জানান রেজওয়ানা চৌধুরী বন্যা ও লীনা তাপসী খান। তাদের সঙ্গে কণ্ঠ মেলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলেল শ্রদ্ধায় ছেয়ে যায় মৃদুলের কফিন।
শোক প্রকাশের পাশাপাশি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসায় অবহেলার তদন্ত দাবি করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
মৃদুল কান্তির এক সময়ের সহপাঠী ও সহকর্মী শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭৬ সালে শান্তিনিকেতন থেকে মৃদুলের সাথে আমার পরিচয়। পরবর্তীতে শিক্ষক হিসেবেও আমরা একসঙ্গে ছিলাম। আজ আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে- ও বেঁচে নেই।"
অধ্যাপক মৃদুলকে নিয়ে একটি স্মৃতিকথা প্রকাশেরও আগ্রহ প্রকাশ করেন বন্যা।
তার আরেক সহকর্মী, শিল্পী লীনা তাপসী খান বলেন, "লোকসঙ্গীতের বিকাশে মৃদুল কান্তি চক্রবর্তীর অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী নওরীন ফারজানা ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি শুধু শিক্ষক নন, শিক্ষার্থীদের জন্য ছিলেন ছায়াদানকারী বৃক্ষের মতো।"
অধ্যাপক মৃদুলের স্মৃতি ধরে রাখার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, "তার সংগীত বাঙালির চিরন্তন অনুভূতি আর ঐতিহ্যকে ধারণ করতো।"
শেষকৃত্য
১৯৫৫ সালে মৃদুল কান্তি চক্রবর্তী জন্ম নিয়েছিলেন মরমী শিল্পী হাসন রাজার 'দেশ' সুনামগঞ্জে। সেখানেই মঙ্গলবার রাতে তার শেষকৃত্য হয়।
এই শিল্পীর মরদেহ সুনামগঞ্জ শহরে পৌঁছানোর পর রাত ১০টার দিকে শহীদ মিনার চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় উকিলপাড়ায় তার পৈত্রিক বাসভবনে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ষোলঘর শ্মশানঘাটে শিল্পী মৃদুল কান্তির শেষকৃত্য সম্পন্ন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০১৫ ঘ.
bdnews24