ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে হবে অনলাইনে। এ প্রক্রিয়া শুরু হবে ১৬ অগাস্ট। আর ১৪ অক্টোবর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান। এ সময় ভর্তি পরীক্ষার ফরম পূরণের নতুন নিয়মও তুলে ধরেন তিনি।
উপাচার্য বলেন, "অনলাইনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভুয়া ভর্তির বিষয়টি বন্ধ হয়ে যাবে। ক্রমান্বয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে অটোমেশন প্রক্রিয়ায় আওতায় আনা হবে।"
অনলাইনে ভর্তি প্রার্থীদের আবেদন প্রক্রিয়া ১৬ অগাস্ট বেলা ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রবেশপত্র প্রিন্ট নেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। ভর্তি ফরমের দাম ৩০০ টাকা।
অন্যদের মধ্যে অনলাইন ভর্তি টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক হাসিবুর রশীদ, ঢাবির ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সৈয়দ রেজাউর রহমান ও ভর্তি কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিয়মাবলী
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.admission.univdhaka.edu) প্রতিটি ইউনিটের জন্য আলাদা নিয়মাবলী দেওয়া থাকবে।
সেখানে নির্দিষ্ট ইউনিটের সাইটে গিয়ে একজন আবেদনকারীকে 'অ্যাপ্লাই' মেন্যুতে ক্লিক করে নির্ধারিত ফরমে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার রোল নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম সংক্রান্ত তথ্য দিতে হবে।
এরপর আবেদনকারী তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম দেখতে পাবে। তথ্য সঠিক হলে 'কনফার্ম' বাটনে ক্লিক করে নির্ধারিত প্রক্রিয়ায় 'পে-স্লিপ' ডাউনলোড করতে পারবে।
পে-স্লিপে প্রয়োজনীয় তথ্য লেখার পর এর দুই অংশে আবেদনকারীর দুটি ছবি সংযুক্ত করতে হবে এবং সই করতে হবে। একটি অংশ আবেদনকারীর কাছে থাকবে, অন্যটি ব্যাংকে জমা দিতে হবে।
ব্যাংকে টাকা জমা দেওয়ার কমপক্ষে দুই কর্মদিবস পর আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ওয়েবসাইটে গিয়ে 'অ্যাডমিট কার্ড' মেন্যুতে ক্লিক করে পে-স্লিপের পিন নম্বর টাইপ করতে হবে। এই পর্যায়ে পে-স্লিপে লাগানো ছবির অনুরূপ ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর প্রিভিউ দেখে মিলিয়ে নিয়ে 'গেট অ্যাডিমিট কার্ড' অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
জিসিই ও সমমানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীদের পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফরম পূরণ করতে হবে।
নতুন সংযোজিত নিয়ম
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, গতবারের মতো ভুল ছবি বা এক আবেদনকারীর ক্ষেত্রে অন্য আবেদনকারীর ছবি আপলোড করে প্রবেশপত্র নেওয়ার বিষয়টি এড়াতে ছবি আপলোডের পর তা স্থায়ীভাবে নেওয়ার আগে আবেদনকারীকে 'প্রিভিউ' দেখানো হবে।
এবার শিক্ষার্থীরা যাতে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক অর্থাৎ জনতা, সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফারের মাধ্যমেও 'ফি' পাঠাতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভর্তি পরীক্ষা
বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৪ অক্টোবর। আর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের পরীক্ষা যথাক্রমে ২১ অক্টোবর, ২৮ অক্টোবর, ১৮ নভেম্বর ও ২৫ নভেম্বর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/২১৪৫ ঘ.
bdnews24