ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নবিরোধী আচরণবিধি প্রণয়ন ও এর প্রয়োগের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
প্রতিবছর ১২ অগাস্ট বিশ্ব যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "নিপীড়নমূলক কার্যক্রম বন্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক আচরণবিধি ঠিক করতে হবে। এর মাধ্যমে অভিযোগ সেল গঠন করে বিভিন্ন ঘটনায় দায়িদের শাস্তি নিশ্চিত করতে হবে।"
সব পর্যায়ে দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, "রাষ্ট্রীয় আইনের কার্যকারিতা, আচরণবিধির বাস্তবায়ন এবং সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে দুর্নীতি ও নিপীড়ন প্রতিরোধ করা সম্ভব।"
ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "অপরাধীর শাস্তি না হলে নির্যাতনমূলক ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। যুবসমাজ সচেতনভাবে এক হলে ইভটিজিংসহ সব ধরনের নির্যাতন ইতিহাসের অংশ হয়ে যাবে।"
কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন টিএসসির পরিচালক মো. আলমগীর হোসেন।
টিআইবির কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিএসসির বহির্দেয়ালে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন করা হয়। এ ছাড়া আয়োজন করা হয় দুর্নীতিবিরোধী গেমস শো'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৬৫৪ ঘ.
bdnews24