চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক শিক্ষকের বাসায় তালা ভেঙে চুরি হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে যোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের শিক্ষক আতিকুর রহমানের বাসায় এই চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।
আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চবি ক্যাম্পাসের দক্ষিণ অংশে একটি ভবনের চতুর্থ তলায় তিনি বসবাস করেন। ঘটনার সময় তিনি ক্লাসে ছিলেন। বাসায় কেউ ছিলো না।
তিনি জানান, চোর চক্র তার বাসা থেকে ১০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, দুইটি মোবাইলফোন সেট, একটি ইন্টরনেট মডেম ও কাপড়-চোপরসহ বেশকিছু মালামাল নিয়ে গেছে।
চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ঘটনায় হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন আতিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/২০১২ ঘ.
bdnews24